প্রকাশিত :  ০৮:১৬
০৪ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট: ০৮:৩৯
০৪ জুলাই ২০২৬

জুলাই নিয়ে কটাক্ষ: শাওন-মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

জুলাই নিয়ে কটাক্ষ: শাওন-মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই আন্দোলন নিয়ে কটাক্ষ করার অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও মাহিয়া মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি অভিযোগ করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) অভিযোগ দায়েরের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

তিনি বলেন, ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামের একটি সংগঠনের প্রতিনিধিরা আমাদের কাছে একটি অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগটি পাওয়ার পর নিয়ম অনুযায়ী তা পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিটে (ডিবি সাইবার) পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে অভিযোগটির বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে ঘটনার সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাষ্ট্র সংলাপ ফোরামের দেওয়া অভিযোগপত্রে বলা হয়েছে, ১ হাজার ৪০০-এর অধিক শহীদ ও ৩০ হাজারের অধিক আহত বিপ্লবী মানুষের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ করছি, সম্প্রতি কয়েক ব্যক্তি প্রকাশ্যে জুলাই আন্দোলন, এর স্মৃতিচিহ্ন এবং আন্দোলনে অংশগ্রহণকারীদের নিয়ে অবমাননাকর কর্মকাণ্ড ও বক্তব্য প্রদান করেছেন।

প্রথমত, শান্তা ফারজানা নামে এক ব্যক্তি জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ/আঘাত করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম তার ফেসবুক লিংকে প্রকাশ করেছেন বলে দেখা যায়, যা শহীদদের স্মৃতির প্রতি অবমাননাকর এবং জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।

দ্বিতীয়ত, মেহের আফরোজ শাওন বিভিন্ন ভিডিও বার্তায় তার সামাজিক যোগাযোগমাধ্যম লিংকে জুলাই আন্দোলনকে পরিকল্পিত বা সাজানো ঘটনা হিসেবে উপস্থাপন করেছেন এবং রাষ্ট্র ও জুলাই আন্দোলন সম্পর্কে অবমাননাকর বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

তৃতীয়ত, মাহিয়া মাহি তার সামাজিক যোগাযোগমাধ্যমে লিংকে এমন বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ রয়েছে, যেখানে তিনি জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী বিভিন্ন ব্যক্তি ও সংগঠনকে কটাক্ষ করে তাদের অভিনয় করার সঙ্গে তুলনা করেছেন। তার বক্তব্যে আন্দোলনে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারী এবং অন্যান্য সংশ্লিষ্টদের হেয় করা হয়েছে বলে জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।



Leave Your Comments




বিনোদন এর আরও খবর