প্রকাশিত :  ১২:০৫
৩০ জুন ২০২৬

শ্রীমঙ্গলে উদয়ন বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ উৎসব

শ্রীমঙ্গলে উদয়ন বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ উৎসব

সংগ্রাম দত্ত: দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠান সবুজায়নের সরকারি কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য র‍্যালি, বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (২৯ জুন) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। একই সময়ে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে দেশের ২৯ হাজার ৬২১টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ভার্চুয়ালি কর্মসূচির উদ্বোধন করা হয়। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়েও এ আয়োজন অনুষ্ঠিত হয়।

কর্মসূচির শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে ২০০টি গাছের চারা বিতরণ করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ (এক শিশু, এক গাছ) কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় দেশের ১৮ হাজার ৯০৭টি বিদ্যালয়, ১ হাজার ৪৪৬টি স্কুল অ্যান্ড কলেজ এবং ৯ হাজার ২৬৮টি মাদ্রাসাসহ মোট ২৯ হাজার ৬২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৫ কোটি গাছ রোপণের পরিকল্পনা রয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানে ফলদ, বনজ ও ঔষধি—এই তিন ধরনের গাছ রোপণের পাশাপাশি জলবায়ু সচেতনতা বৃদ্ধিতে বিশেষ অনুদানও দেওয়া হবে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা রানী দাস, সহকারী প্রধান শিক্ষক মাওলানা মো. আব্দুল মালেক, সিনিয়র শিক্ষক রনেন্দ্র চক্রবর্তী ও মো. জসিম উদ্দিনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

প্রধান শিক্ষক কবিতা রানী দাস বলেন, “সরকারের এই উদ্যোগকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই। কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশ আরও সবুজ ও পরিবেশবান্ধব দেশে পরিণত হবে। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে সবুজই হবে আমাদের পরিচয়।”



Leave Your Comments




সারাদেশ এর আরও খবর