প্রকাশিত : ১৩:৪৬
২৮ জুন ২০২৬
বলিউড অভিনেতা গোবিন্দকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তার স্ত্রী সুনীতা আহুজা। নতুন রিয়েলিটি শো ‘লক আপ: সচ ইয়া সাজা’-র প্রিমিয়ারে এসে স্বামীর ব্যক্তিগত জীবন, পরকীয়ার গুঞ্জন এবং ২০২৪ সালের বহুল আলোচিত গুলিকাণ্ড নিয়ে খোলামেলা কথা বলেন তিনি। তার মন্তব্য প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, শোতে সঞ্চালক ফারাহ খান সুনীতার একটি পুরোনো মন্তব্য তুলে ধরেন ‘গোবিন্দের মতো ছেলে চাই, স্বামী নয়।’ এর ব্যাখ্যা দিতে গিয়ে সুনীতা বলেন, প্রেমে অনেক কিছুই সহ্য করতে হয়। তিনি দাবি করেন, গোবিন্দের জীবনে একাধিক সম্পর্ক ছিল এবং চলচ্চিত্রজগতে এমন ঘটনা অস্বাভাবিক নয়। দীর্ঘদিন সবকিছু মেনে তার পাশে থাকার কারণেই তিনি গোবিন্দের মতো একজন ছেলে পাওয়ার যোগ্য বলে মন্তব্য করেন।
এ সময় ২০২৪ সালে গোবিন্দের পায়ে গুলি লাগার ঘটনাও টেনে আনেন সুনীতা। রসিকতার সুরে তিনি বলেন, জীবনে ‘তৃতীয় কেউ’ এলে এমন ঘটনাও ঘটে। আর আমি থাকলে নিশানা ভুল হতো না। একই সঙ্গে স্পষ্ট করেন, ওই সময় তিনি মুম্বাইয়ে ছিলেন না। তাই তাকে ঘিরে যে গুঞ্জন ছড়িয়েছিল, তা ভিত্তিহীন বলেও দাবি করেন।
সুনীতার এসব মন্তব্যের ভিডিও দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। কেউ তার স্পষ্টভাষিতার প্রশংসা করেছেন, আবার কেউ মনে করছেন, প্রকাশ্যে স্বামীকে এভাবে ছোট করা ঠিক হয়নি। অনেক ভক্ত তার মন্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ১৯৮৭ সালে বিয়ে করেন গোবিন্দ ও সুনীতা আহুজা। তাদের দুই সন্তান টিনা আহুজা ও যশবর্ধন আহুজা। ক্যারিয়ারের বিভিন্ন সময়ে গোবিন্দের নাম একাধিক অভিনেত্রীর সঙ্গে জড়ালেও তিনি কখনোই সেসব গুঞ্জন আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি।