সংগ্রাম দত্ত: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভেটেরিনারি, এনিম্যাল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের শিক্ষার্থীরা বন্যপ্রাণী সংরক্ষণ ও চিকিৎসা কার্যক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে শ্রীমঙ্গলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন পরিদর্শন করেছেন।
শনিবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের Zoo/Wild Animal Medicine (ZAM-402) কোর্সের অংশ হিসেবে ৯২ জন শিক্ষার্থী এবং ৮ জন শিক্ষক-কর্মকর্তাসহ ১০০ সদস্যের একটি শিক্ষা সফর দল ফাউন্ডেশনটি পরিদর্শন করে।
পরিদর্শনকালে শিক্ষার্থীরা আহত ও উদ্ধার করা বন্যপ্রাণীর চিকিৎসা, পরিচর্যা, পুনর্বাসন এবং বনাঞ্চলে অবমুক্ত করার বিভিন্ন ধাপ সরেজমিনে দেখেন। এ সময় তাঁরা বন্যপ্রাণী সংরক্ষণ কার্যক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ধারণা লাভ করেন।
শিক্ষা সফর শেষে শিক্ষক ও শিক্ষার্থীরা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের দীর্ঘদিনের বন্যপ্রাণী সংরক্ষণ কার্যক্রমের প্রশংসা করেন। এ সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সীতেশ রঞ্জন দেবের হাতে একটি সম্মাননাস্মারক তুলে দেন তাঁরা। পাশাপাশি ফাউন্ডেশনের পক্ষ থেকে অতিথিদের বিরল প্রজাতির কয়েকটি গাছের চারা উপহার দেওয়া হয়।
সীতেশ রঞ্জন দেব বলেন, শিক্ষার্থীদের হাতে-কলমে বন্যপ্রাণী সংরক্ষণ ও চিকিৎসা বিষয়ে বাস্তব অভিজ্ঞতা তুলে ধরতে পারা তাঁদের জন্য আনন্দের। ভবিষ্যতের প্রাণিচিকিৎসক ও গবেষকদের মধ্যে বন্যপ্রাণী সংরক্ষণে আগ্রহ সৃষ্টি করাই এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
উল্লেখ্য যে, সীতেশ রঞ্জন দেব মৌলভীবাজার জেলার একজন সুপরিচিত বন্যপ্রাণী গবেষক ও সংরক্ষণকর্মী। তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গলসহ জেলার বিভিন্ন এলাকা থেকে লোকালয়ে চলে আসা বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার, প্রাথমিক চিকিৎসা ও পুনর্বাসনের পর বন বিভাগের মাধ্যমে প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করার কাজ করে আসছেন। পাশাপাশি পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা তৈরিতেও তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে ফাউন্ডেশনটি দীর্ঘদিন ধরে বন্যপ্রাণী সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
Leave Your Comments