প্রকাশিত :  ১৭:০৬
২৬ জুন ২০২৬

বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১৩টি স্বর্ণের বারসহ একজকে আটক করলো বিজিবি

বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১৩টি স্বর্ণের বারসহ একজকে আটক করলো বিজিবি

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের প্রাক্কালে বিশেষ অভিযান পরিচালনা করে ১ কেজি ১৫৮ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বারসহ সাহাব উদ্দিন সরদার নামের এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

অদ্য (২৬ জুন) ভোরে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল বিওপির একটি চৌকস আভিযানিক টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোর-বেনাপোল মহাসড়কের গদখালী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সাহাব উদ্দিন সরদার (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কোমরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১ কেজি ১৫৮ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। একই সঙ্গে তার ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃত ব্যক্তি বেনাপোলের বালুন্ডা গ্রামের ইয়াছিন সরদারের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি জানান, তিনি ঢাকার সায়েদাবাদ এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে পুটখালী এলাকায় নিয়ে যাচ্ছিলেন। 

উদ্ধারকৃত ১৩টি স্বর্ণের বারের আনুমানিক বাজারমূল্য ২,২১,৪৬,৭৫০/- (দুই কোটি একুশ লক্ষ ছেচল্লিশ হাজার সাতশত পঞ্চাশ) টাকা।  

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক মামলা দায়েরের মাধ্যমে তাকে ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, "সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এ ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় এই সফল অভিযান পরিচালনা করে স্বর্ণসহ একজন পাচারকারীকে আটক করা হয়েছে। সীমান্তে সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।"



Leave Your Comments




সারাদেশ এর আরও খবর