প্রকাশিত : ০৬:৫৩
২৬ জুন ২০২৬
গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়া। তবে একের পর এক সুযোগ তৈরি করেও কোনো দলই জালের দেখা পায়নি।
ফলে গোলশূন্য সমতায় শেষ হয় দুই দলের লড়াই। এই ড্রয়ের সুবাদে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে শেষ ৩২-এ ওঠার ভাগ্য জানতে আরও অপেক্ষা করতে হচ্ছে প্যারাগুয়েকে।
শুক্রবার সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। ম্যাচের তৃতীয় মিনিটেই জ্যাকসন আরভিনের শট দুর্দান্তভাবে রুখে দেন প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিল।
এরপর জর্ডান বস, ক্রিস্টিয়ান ভলপাতো ও নেস্টোরি ইরানকুন্ডার কয়েকটি প্রচেষ্টাও ব্যর্থ হয়।
অন্যদিকে প্যারাগুয়েও পাল্টা আক্রমণে সুযোগ তৈরি করে। গ্যাব্রিয়েল আভালোস, হুলিও এনসিসো এবং দিয়েগো গোমেজ গোলের চেষ্টা চালালেও অস্ট্রেলিয়ার রক্ষণ ও গোলরক্ষক প্যাট্রিক বিচ দৃঢ়তায় ভাঙন ধরাতে পারেননি।
দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি আরো বাড়ে।
৫০ মিনিটে মৌরিসিওর দূরপাল্লার শট অসাধারণ দক্ষতায় ঠেকান প্যাট্রিক বিচ। অন্য প্রান্তে জর্ডান বস ও টেতে ইয়েঙ্গির নেওয়া শটও আটকে দেন অরল্যান্ডো গিল। যোগ করা সময়েও দুই গোলরক্ষক গুরুত্বপূর্ণ দুটি সেভ করে নিজেদের দলকে হার এড়ান।
শেষ পর্যন্ত ৯৫ মিনিটের লড়াই শেষে কোনো দলই জালের দেখা না পাওয়ায় ম্যাচ শেষ হয় ০-০ সমতায়।
এই ড্রয়ের ফলে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট নিয়ে গ্রুপ 'ডি' থেকে নকআউট পর্বে জায়গা করে নেয় অস্ট্রেলিয়া।
আর শেষ ৩২ এ জায়গা পাওয়ার জন্য অপেক্ষায় তাকতে হচ্ছে প্যারাগুয়েকে।