প্রকাশিত : ১৬:৪৯
২৪ জুন ২০২৬
রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সৌদি প্রবাসীদের সাদা কাগজে সই কিংবা টিপসই দেয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। আজ বুধবার (২৪ জুন) দূতাবাসের কাউন্সেলর মো. মেহবুব জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সতর্ক করা হয়েছে।
এতে বলা হয়, সৌদি আরবে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুরোধে কিংবা নির্দেশনায় কোনো সাদা কাগজে কোনো ধরনের স্বাক্ষর প্রদান, টিপসই দেয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এমনটা না করার জন্য বিশেষভাবে সতর্ক করা হচ্ছে।
এ ধরনের অসতর্কতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে অসাধু ব্যক্তি বা চক্র কর্তৃক বিভিন্ন আর্থিক প্রতারণা, জাল দলিল-পত্র প্রস্তুত, অবৈধ লেনদেন বা অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে সংশ্লিষ্ট ব্যক্তি অনাকাঙ্ক্ষিতভাবে ফৌজদারি মামলা, আর্থিক ক্ষতি, জেল-জরিমানা কিংবা অন্যান্য আইনগত শাস্তির সম্মুখীন হতে পারেন।
এ অবস্থায় কোনো লিখিত কাগজপত্র বা ডকুমেন্টে স্বাক্ষর কিংবা টিপসই দেয়ার আগে তার বিষয়বস্তু সম্পূর্ণরূপে বুঝে ও যাচাই করে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের জন্য সৌদি প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ জানিয়েছে দূতাবাস।