প্রকাশিত : ১৪:৫১
২১ জুন ২০২৬
সর্বশেষ আপডেট: ১৯:৫৮
২১ জুন ২০২৬
নাজমুল ইসলাম
হাজার নদী পেরিয়ে এলাম, হাজার শহর ঘুরে,
নক্ষত্রহীন কত যে রাত কেটেছে সাগর-তীরে।
ধূসর সব রাজপথ জুড়ে হারিয়েছি কত নাম,
তব চোখের মতো কোথাও পাইনি শান্তিনীধাম।
আমি এক ক্লান্ত পথিক শুধু, ধুলোর পৃথিবী জুড়ে,
তোমার ছায়ার খোঁজে আজও ঘুরি অন্ধকারের সুরে।
তুমি কি আছো কোনো দূর নীলিমায়,
আমার সব পথ এসে থামে তোমারই অপেক্ষায়।
যদি কভু না পাই তোমায় এই জীবনের তরে
তবু তোমার নামই রবে এই নিঃস্ব অন্তরে।
কত পাখি ঘরে ফিরেছে, ফিরেনি আমার মন,
শিশির ভেজা সন্ধ্যা নামে, জেগে থাকে অনুক্ষণ।
জোনাকিরা আলো জ্বেলে পথ দেখায় নীরবতায়,
তোমার মুখের দীপ্তি খুজি এই নির্মম নিরালায়।
দিগন্ত জুড়ে কুয়াশা নামে, নিভে আসে দিন,
তবু তোমার জন্য বুকের দীপ জ্বলে অমলিন।
তুমি কি আছো কোনো দূর নীলিমায়,
আমার সব পথ এসে থামে তোমারই অপেক্ষায়।
যদি কভু না পাই তোমায় এই জীবনের তরে
তবু তোমার নামই রবে এই নিঃস্ব অন্তরে।
যেদিন আমার পথ ফুরাবে, থামবে জীবনের গান,
সেদিনও হয়তো তোমার নামেই জাগবে অভিমান।
সব নদী ঘুমিয়ে পড়ে, থেমে যাবে সব ক্ষণ,
তোমার স্মৃতি বুকে নিয়ে হারাবো অনুখন।
পৃথিবীর সব রং নিভে গেলে, রাত নেমে এলে শেষে,
আমি তোমারই অপেক্ষাতে বসে থাকি অনিমেষে।
মরণ এলেও শেষ প্রহরে একটি কথাই রয়—
তুমিহীন জীবনেও ভালোবাসার হোক জয়।