প্রকাশিত :  ০৭:২২
২১ জুন ২০২৬

যুক্তরাজ্যে হাসনাত আবদুল্লাহকে আটকে রাখার খবর সঠিক নয়

 যুক্তরাজ্যে হাসনাত আবদুল্লাহকে আটকে রাখার খবর সঠিক নয়

ব্রিটেনের এক যুবকের ওপর হামলার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহসহ আরও কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগের তথ্য পাওয়া গেছে। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসনাত আবদুল্লাহকে আটকে রাখার গুঞ্জন শুরু হয়েছিল। তবে জানা গেছে এনসিপির এই এমপিকে পুলিশ আটকে রাখেনি। হাসনাত আবদুল্লাহ পুলিশের ডাকে সাড়া দিয়ে আইনজীবীর মাধ্যমে তার বক্তব্য দিয়েছেন।

এ ঘটনায় পুলিশ জাকির চৌধুরী নামের যে এনসিপি কর্মীকে হেফাজতে নিয়েছিল তাকেও ছেড়ে দেওয়া হয়েছে।

যুক্তরাজ্যপ্রবাসী সাংবাদিক আ স ম মাসুম তাঁর রানার টিভির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (১৯ জুন) বিকেলে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ভুক্তভোগী জুবায়ের আহমদ। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটি ল্যাবে কর্মরত।

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ছাড়াও অন্য অভিযুক্তরা হলেন— এনসিপি নেতা এহতেশাম হক, জাকির চৌধুরী ও শাহীন আলম।

জুবায়ের আহমদের অভিযোগ অনুযায়ী, বিকেল ৪টার দিকে কাজ শেষে মোটরসাইকেলে ফেরার পথে একটি মাইক্রো বাইকের কাছাকাছি এসে ধাক্কা দেওয়ার চেষ্টা করে। পরে তিনি গাড়ির পিছু নিয়ে একটি গ্রামীণ সড়কের দিকে গেলে ভ্যানটি সেখানে থামে। এরপর গাড়ি থেকে প্রায় ৮ জন ব্যক্তি নেমে এসে তাকে আক্রমণ করে বলে তিনি দাবি করেন। এসময় একজন ছোট একটি ছুরি দিয়ে আঘাত করলে তার পেটে জখম হয় বলে তিনি নিজেই নিশ্চিত করেছেন।

ভুক্তভোগীর দাবি, হামলার সময় তার মোবাইল ফোনে ভিডিও ধারণ করা হচ্ছিল, এটি বুঝতে পেরে হামলাকারীরা ফোনটি নিয়ে নেয়। পরে ঘটনাস্থলে উপস্থিত এক ব্রিটিশ নারী ঘটনাটির ভিডিও ধারণ করেন এবং আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যান।

এদিকে, এনসিপি ইউকে অ্যালায়েন্সে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের নেতাদের বিরুদ্ধে আওয়ামী লীগ মামলা করেছে বলে অভিযোগ করেছে। তবে স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা বলছেন দলগতভাবে যুক্তরাজ্যে মামলা করার সুযোগ নেই। আক্রান্ত ব্যক্তিই থানায় অভিযোগ করেছেন।


Leave Your Comments




প্রবাসী কমিউনিটি এর আরও খবর