প্রকাশিত :  ১২:৫২
১৭ জুন ২০২৬
সর্বশেষ আপডেট: ১২:৫৯
১৭ জুন ২০২৬

৮০ ডলারের নিচে নামল তেলের দাম

৮০ ডলারের নিচে নামল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের সম্ভাব্য সমঝোতার অংশ হিসেবে ওয়াশিংটন ইরানি তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করতে পারে—এমন খবরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে প্রভাব পড়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এর পরিপ্রেক্ষিতে ব্রেন্ট ক্রুড তেলের দাম কমে ব্যারেলপ্রতি ৮০ ডলারের নিচে নেমে এসেছে।

আজ বুধবার (১৭ জুন) ব্রেন্ট ক্রুড অয়েলের (অপরিশোধিত তেল) দাম সর্বোচ্চ পর্যায় থেকে প্রায় এক-তৃতীয়াংশ কমে ব্যারেল প্রতি ৮০ ডলারের নিচে নেমেছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা শুরুর পর থেকেই ঊদ্ধমুখী ছিল তেলের দাম। ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় বিশ্বের জ্বালানি বাজারে চরম অস্থিরতা দেখা দেয়।

মধ্যপ্রাচ্য থেকে পুনরায় তেল রপ্তানি শুরু হওয়ার সম্ভাবনা বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ তৈরি করেছে, যদিও দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে দেশগুলোর কৌশলগত তেলের মজুত বর্তমানে অনেক কমে গেছে।

ওয়েস্টপ্যাকের অর্থনীতিবিদ লুকা বেলোব্রাজিক জানিয়েছেন, ইরানের মোট রপ্তানি বিশ্ব চাহিদার প্রায় ২ শতাংশের সমান হতে পারে। তবে তিনি সতর্ক করে বলেছেন, নিষেধাজ্ঞা থেকে এই ছাড় এখনই কার্যকর হওয়ার সম্ভাবনা কম এবং এটি স্থায়ী শান্তির ওপর নির্ভর করবে।

আগামী শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি সই হওয়ার কথা থাকলেও এর বিস্তারিত খুব কমই প্রকাশ করা হয়েছে। 



Leave Your Comments




আন্তর্জাতিক এর আরও খবর