সংগ্রাম দত্ত: দেশের অন্যতম পর্যটন নগরী ও চায়ের রাজধানী হিসেবে পরিচিত শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। জনসভা সফল করতে সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে তিনি শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিতব্য জনসভার স্থান পরিদর্শন করেন। এ সময় তিনি মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা, দর্শনার্থীদের অবস্থান, যাতায়াত ও সার্বিক আয়োজন ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও আয়োজকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে শ্রীমঙ্গলে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। জনসভা যাতে সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সব পক্ষ সমন্বিতভাবে কাজ করছে।
পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ আবুজাফর সালাউদ্দিন ও সদস্যসচিব রুবেল আহমদের আমন্ত্রণে সমাজকল্যাণ মন্ত্রী প্রেসক্লাব পরিদর্শন করেন। সেখানে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রধানমন্ত্রীর সফর ও জনসভা ঘিরে বিভিন্ন প্রস্তুতির বিষয়ে আলোচনা করেন।
এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে পুরো শ্রীমঙ্গলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক কর্মী-সমর্থক এবং আয়োজকদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। জনসভা সফল করতে সংশ্লিষ্টরা শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
শ্রীমঙ্গলের গুরুত্বপূর্ণ এই আয়োজনকে ঘিরে স্থানীয়দের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর সফর জেলার উন্নয়ন ও সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচনে ইতিবাচক ভূমিকা রাখবে।
Leave Your Comments