প্রকাশিত : ১৬:৩০
১৪ জুন ২০২৬
নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ নারী দল।
রোববার (১৪ জুন) বার্মিংহামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডস নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয় ডাচরা। তবে অধিনায়ক বাবেট ডি লিড একপ্রান্ত আগলে রেখে ৪৫ বলে ৫০ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে নেদারল্যান্ডস তোলে ১৩৯ রান।
বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন মারুফা আক্তার, তিনি নেন ২টি উইকেট। এছাড়া ফারিহা তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খান ও ঋতু মণি একটি করে উইকেট শিকার করেন।
জবাবে ১৪০ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস। পাওয়ারপ্লে থেকেই ডাচ বোলারদের ওপর চাপ তৈরি করে মাত্র ৩৩ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ফিফটি তুলে নেন তিনি। ফিফটি করার পর আউট হলেও বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেন তিনিই।
এরপর কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। অষ্টম ওভারে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির শূন্য রানে বিদায় এবং ১১তম ওভারে দিলারা আক্তার ও সোবহানা মোস্তারি আউট হলে ম্যাচে উত্তেজনা তৈরি হয়।
তবে শারমিন আক্তার ও স্বর্ণা আক্তারের অবিচ্ছিন্ন ৫৬ রানের জুটি বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দেয়। শারমিন ৩২ বলে ৩৭ রান এবং স্বর্ণা ১৭ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন।
৫ বল ও ৬ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে বিশ্বকাপে আত্মবিশ্বাসী সূচনা করল টাইগ্রেসরা।