প্রকাশিত : ১৪:১৮
০৯ জুন ২০২৬
সর্বশেষ আপডেট: ১৪:২০
০৯ জুন ২০২৬
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, কোনো বিষয়ের অনার্স কোর্স বন্ধ করার পরিকল্পনা নেই।
আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, ‘আমার জানামতে এরকম কোনো আলোচনা হয়নি। আর বাংলা মাতৃভাষা, এটা কি বাদ দেওয়া যেতে পারে? এমন কোনো আলোচনা হয়নি। আমি জানি না এই নিউজ কোথা থেকে আসলো।’
আজ একটি গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, বাংলা, দর্শন, ইতিহাসসহ ছয় বিষয়ে অনার্স কোর্স বাতিল হচ্ছে।
যদিও এ দাবি ‘ভিত্তিহীন’ বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘আমরা কারিগরিকে ইম্পর্টেন্স দিচ্ছি। আমরা আধুনিক করছি। আমরা মোর সাবজেক্ট যেগুলো মার্কেট ডিমান্ড রয়েছে সেগুলোকে আমরা দেখছি। প্রতিনিয়ত আলোচনা হচ্ছে। কিন্তু বাংলা, দর্শন, ইতিহাস বাদ পড়বে এই আলোচনা আমরা কোথাও শুনিনি এবং আমরাও কোথাও করিনি। মার্কেট ডিমান্ড অনুযায়ী তো কোর্স আমরা রেগুলারলি ইন্ট্রোডিউস করছি। প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে আমরা ইন্ট্রোডিউস করছি এবং প্রত্যেকটি লেভেলেই আমরা ইন্ট্রোডিউস করছি। বাট বাংলাকে বাদ দিয়ে, ইতিহাসকে বাদ দিয়ে; এমন কথা কোথাও হয়নি।’
অনার্স কোর্স কমিয়ে আনা বা কোনো বিষয়ে অনার্স কোর্স বন্ধ করার কোনো পরিকল্পনা শিক্ষা মন্ত্রণালয়ের নেই বলেও সাফ জানান মন্ত্রী।
এদিকে, আজ দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ও এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো অনার্স কোর্স বন্ধের ব্যাপারে সরকার কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত নেই।