প্রকাশিত : ১৩:২২
০৫ জুন ২০২৬
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত চাঁদপুরের মতলব উত্তরে এক সভায় যোগ দিয়েছেন দলটির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এনসিপির এই সভা ঘিরে বিশৃঙ্খলা এড়াতে অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
আজ শুক্রবার (৫ জুন) বিকেলে অতিরিক্ত পুলিশ মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল। এনসিপির এই সভা ঘিরে প্রায় ২০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন তিনি।
এদিকে এনসিপির দলীয় সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন স্থানে নাসীরুদ্দীন পাটওয়ারীর সভা ঘিরে এর আগে একাধিক হামলার ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচরে এনসিপি আয়োজিত ‘ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠান’ ঘিরেও ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। মূলত অনুষ্ঠানের আগে কয়েকটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এ উত্তেজনা সৃষ্টি হয়। তবে শুক্রবার দুপুরে নির্ধারিত সময়ে অনুষ্ঠানটি শুরু হয় এবং এতে যোগ দেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
শুক্রবার বিকেল ৫টার দিকে এনসিপি মতলব উত্তর উপজেলার সদস্যসচিব ইমাদুল ইসলাম জানান, গত কয়েকদিন ফেসবুকে প্রতিপক্ষ রাজনৈতিক দলের ব্যাপক উস্কানিমূলক বক্তব্য ও হুমকি-ধামকির প্রেক্ষিতে অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসান অনুষ্ঠানের আগের দিন স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও মতলব উত্তর থানা পুলিশের সঙ্গে দফায় দফায় সভা করেছেন। অনুষ্ঠানে নাসীরুদ্দীন পাটওয়ারীর নিরাপত্তা নিশ্চিত করে জুম্মার নামাজ ও মধ্যাহ্নভোজ শেষে সভাস্থলে নিয়ে আসেন। নির্ধারিত সময়ে আমাদের সভা শুরু হয়েছে। তা এখনও চলছে।