প্রকাশিত : ০৭:৫৬
০৫ জুন ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় মাছভর্তি একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার মা-ছেলেসহ তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
শুক্রবার (৫ জুন) সকালে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটোরিকশা চালক মাহবুব (৪৫), যাত্রী জোসনা বেগম (৪০) এবং তার পাঁচ বছর বয়সী ছেলে আশরাফুল। আহত হয়েছেন জোসনা বেগমের স্বামী কাউসার (৫০) ও তাদের চার বছর বয়সী মেয়ে আদিবা।
আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের বাড়ি কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কাউসার তার স্ত্রী ও সন্তানদের নিয়ে সিএনজিচালিত অটোরিকশাযোগে কসবা থেকে সরাইল বিশ্বরোডের দিকে যাচ্ছিলেন। পথে রামরাইলের বিয়াল্লিশহর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি মাছভর্তি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর আরোহীরা গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা চালক মাহবুব, যাত্রী জোসনা বেগম ও তার ছেলে আশরাফুলকে মৃত ঘোষণা করেন।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে পিকআপ ভ্যানের চালক ও তার সহযোগীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
এদিকে সকাল ৬টায় ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি যাত্রী মো. অলি মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার বাড়িউড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অলি মিয়া সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বরইবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি মোহাম্মদ ইদন মিয়ার ছেলে।