প্রকাশিত :  ১৬:০৬
০১ জুন ২০২৬

প্রতিরক্ষা প্রদর্শনীতে ইসরাইলি কর্মকর্তাদের নিষিদ্ধ করল ফ্রান্স

প্রতিরক্ষা প্রদর্শনীতে ইসরাইলি কর্মকর্তাদের নিষিদ্ধ করল ফ্রান্স

ফ্রান্স সরকার প্যারিসে অনুষ্ঠিতব্য ইউরোপের অন্যতম বৃহৎ প্রতিরক্ষা প্রদর্শনী 'ইউরোসাতোরি' (Eurosatory)-তে ইসরায়েলের সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণ নিষিদ্ধ করেছে। এই সিদ্ধান্তের ফলে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রদর্শনীতে কোনো জাতীয় প্যাভিলিয়ন খুলতে বা প্রতিনিধি দল পাঠাতে পারবে না। ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছে।

এই সিদ্ধান্তের ফলে মেলায় শুধু সরকারি কর্মকর্তারাই নন, ইসরাইলি অস্ত্র নির্মাতারাও বড় ধরনের সীমাবদ্ধতার মুখে পড়েছেন। প্রদর্শনীতে কোনো ধরনের আক্রমণাত্মক অস্ত্র বা সামরিক ব্যবস্থা প্রদর্শন করতে পারবে না ইসরাইলের কোনো কোম্পানি। তাদের কেবল আকাশ প্রতিরক্ষা সম্পর্কিত পণ্য (এয়ার ডিফেন্স প্রোডাক্ট) প্রদর্শনের অনুমতি দেওয়া হয়েছে।

ফ্রান্সের পক্ষ থেকে এই কঠোর পদক্ষেপ এমন এক সময়ে এলো, যার মাত্র এক সপ্তাহ আগে ইসরাইলের অতি-ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরের ওপর দেশটিতে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছিল ফরাসি কর্তৃপক্ষ। 

মূলত একটি বিতর্কিত ভিডিওচিত্র ছড়িয়ে পড়ার পর ফ্রান্স এই সিদ্ধান্ত নেয়। ওই ভিডিওতে দেখা যায়, আটক হওয়া ফ্লোটিলা কর্মীদের চোখ ও হাত বাঁধা অবস্থায় মেঝেতে বসিয়ে রাখা হয়েছে এবং মন্ত্রী বেন-গভির তাদের সামনে দাঁড়িয়ে আনন্দ প্রকাশ করছেন। 

এই ঘটনার জের ধরেই ফরাসি প্রশাসন ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে একের পর এক কঠোর কূটনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছে।

সূত্র: আল-জাজিরা।


Leave Your Comments




আন্তর্জাতিক এর আরও খবর