প্রকাশিত : ০৫:১৮
০১ জুন ২০২৬
সর্বশেষ আপডেট: ০৬:২২
০১ জুন ২০২৬
আদালতে হাজির করা হয়েছে রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে। দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন (চার্জ গঠন) শুনানি আজ সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৮টার দিকে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রীকে প্রিজনভ্যানে করে আদালতে আনা হয়। পরে তাদের ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়।
ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত গত ২৪ মে চার্জশিট আমলে নিয়ে আজকের দিন অভিযোগ গঠন শুনানির জন্য নির্ধারণ করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান ভূঁইয়া সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
পরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চার্জশিট গ্রহণ করে মামলাটি শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন।
অভিযোগপত্রে প্রধান আসামি সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা এবং স্বপ্না আক্তারের বিরুদ্ধে অপরাধে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। ডিএনএ রিপোর্ট, ময়নাতদন্ত প্রতিবেদন ও ফরেনসিক আলামতের ভিত্তিতে চার্জশিট প্রস্তুত করা হয়েছে বলে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।