প্রকাশিত : ০৮:০৮
২৯ মে ২০২৬
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এ সংঘাত বিদেশে অবস্থানরত বেসামরিক মানুষ এবং দেশের শ্রমজীবী পরিবারগুলোর ওপর মারাত্মক প্রভাব ফেলছে।
তার মতে, যুদ্ধের কারণে উভয় পক্ষের সাধারণ মানুষই ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন।
এক্স-এ দেওয়া এক পোস্টে মামদানি বলেন, ‘আজ থেকে তিন মাস আগে এমন একটি যুদ্ধ শুরু হয়েছিল, যার জন্য কেউ ভোট দেয়নি— এবং এর মূল্য দিতে হয়েছে এমন মানুষদের যাদের এ বিষয়ে কোনো মতামত দেওয়ার সুযোগই ছিল না।’
নিউইয়র্ক সিটির মেয়র পোস্টে আরও উল্লেখ করেন, ‘হাজার হাজার বেসামরিক নাগরিক এ যুদ্ধে প্রাণ হারিয়েছেন। এবং যে ১৩ জন মার্কিন সেনা সদস্য এ যুদ্ধে নিহত হয়েছেন, তারা আর কখনো তাদের পরিবারের কাছে ফিরতে পারবেন না।’
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রজুড়ে এবং আমাদের শহরের আমেরিকানরা এ যুদ্ধের কারণে পেট্রোল পাম্প ও মুদি দোকানের পণ্যসামগ্রীর দাম বাড়তে দেখেছেন। কংগ্রেসের একটিও ভোট ছাড়াই শুরু হওয়া এ যুদ্ধের কারণে তাদের বাজেটও চাপের মধ্যে পড়েছে।’
তিনি আরও বলেন, ‘আমি প্রথম দিন থেকেই এ যুদ্ধের বিরোধিতা করেছি। এখনও এর বিরোধিতা করি। এটার অবসান ঘটাতেই হবে।’