প্রকাশিত : ০৫:৫০
১১ মে ২০২৬
সর্বশেষ আপডেট: ০৫:৫৭
১১ মে ২০২৬
ইংলিশ তারকা রাশফোর্ডের দুর্দান্ত ফ্রি-কিকে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে লা লিগার শিরোপা নিশ্চিত করেছে বার্সেলোনা। মৌসুম শেষ হওয়ার তিন ম্যাচ বাকি থাকতেই নিজেদের ২৯তম লিগ শিরোপা জিতে নিয়েছে কাতালান ক্লাবটি।
বার্সেলোনা ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত এল ক্লাসিকোয় শুরু থেকেই দাপট দেখায়। ম্যাচের শুরুতেই দারুণ এক ফ্রি-কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন রাশফোর্ড। এরপর ফেরান তোরেস ব্যবধান দ্বিগুণ করেন চমৎকার এক ফিনিশে।
গোল করার পর দুই খেলোয়াড়ই কোচ ফ্লিকের কাছে ছুটে যান। সপ্তাহান্তে ফ্লিকের বাবার মৃত্যু হওয়ায় তাকে উৎসর্গ করেই উদ্যাপন করেন তারা।
টানা দ্বিতীয়বারের মতো লা লিগা জিতল বার্সেলোনা। স্প্যানিশ শীর্ষ লিগে এখনো সর্বোচ্চ ৩৬ শিরোপা নিয়ে এগিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। তবে এবারের শিরোপা জয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান কিছুটা কমাল বার্সা।
লা লিগায় টানা ১১ ম্যাচ জয়ের ধারায় থাকা বার্সেলোনা এখন রিয়ালের চেয়ে ১৪ পয়েন্টে এগিয়ে। ফলে বাকি ম্যাচগুলোতে আর তাদের ধরা সম্ভব নয়। ঘরের মাঠে এ মৌসুমে এটি বার্সেলোনার টানা ১৮তম জয়।