প্রকাশিত : ১৬:৫০
০৮ মে ২০২৬
বর্ডার গার্ড বাংলাদেশের সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) দায়িত্বপূর্ণ কুমিল্লার আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী বড়জ্বালা এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ৯৪ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করেছে।
আজ (০৮ মে) সকালে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ বড়জ্বালা বিওপির একটি টহলদল কুমিল্লার আদর্শ সদর উপজেলার দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সীমান্ত পিলার ২০৭৬/২-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বড়জ্বালা নামক স্থানে মালিকবিহীন ভারতীয় অবৈধ ১,৭০৬টি মোবাইল ডিসপ্লে জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মোবাইল ফোনের ডিসপ্লের আনুমানিক সিজারমূল্য ৯৩,৮৩,০০০/- (তিরানব্বই লক্ষ তিরাশি হাজার) টাকা।
জব্দকৃত মালামাল যথাযথ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কাস্টমস অফিসে জমা প্রদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, সুলতানপুর ব্যাটালিয়ন সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি চোরাচালান প্রতিরোধে সর্বদা তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।