প্রকাশিত :  ০৬:৪২
০৮ মে ২০২৬
সর্বশেষ আপডেট: ০৬:৫১
০৮ মে ২০২৬

পাল্টাপাল্টি হামলার পর ট্রাম্প বললেন যুদ্ধবিরতি এখনও বহাল

পাল্টাপাল্টি হামলার পর ট্রাম্প বললেন যুদ্ধবিরতি এখনও বহাল

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে, যদিও উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। তবে বৃহস্পতিবার গভীর রাতে দুই পক্ষের মধ্যে হওয়া পাল্টাপাল্টি হামলায় কোন পক্ষ প্রথম হামলা চালিয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, ইরানের শীর্ষ সামরিক কমান্ড অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র একটি ইরানি তেলবাহী ট্যাঙ্কার এবং হরমুজ প্রণালির দিকে অগ্রসরমান অন্য একটি জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে। সেই সঙ্গে বেশ কিছু উপকূলীয় এলাকায় যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়েছে বলেও দাবি করেছে ইরান।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ারের (বিধ্বংসী যুদ্ধজাহাজ) ওপর ইরানের হামলার জবাবে তারা ‘আত্মরক্ষামূলক হামলা’ চালিয়েছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান আজ ‘আমাদের সঙ্গে ধৃষ্টতা দেখিয়েছে’।

বৃহস্পতিবার এবিসি নিউজকে দেওয়া এক ফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুদ্ধবিরতি চলছে। এটি কার্যকর রয়েছে। একই সঙ্গে ইরানের স্থাপনায় মার্কিন হামলাকে তিনি জাস্ট অ্যা লাভ ট্যাপ বা সামান্য চাপ হিসেবে উল্লেখ করেন।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। তাদের দাবি, ওই স্থাপনাগুলো থেকেই হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী মার্কিন যুদ্ধজাহাজের ওপর হামলা পরিচালনা করা হচ্ছিল।

মাত্র একদিন আগেই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল যে তারা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া একটি প্রস্তাব বিবেচনা করছে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এমন সময়েই তৈরি হলো।

এই ঘটনাকে ঘিরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।



Leave Your Comments




আন্তর্জাতিক এর আরও খবর