প্রকাশিত :  ০৭:৪৬
০৩ মে ২০২৬

শেষ প্রহরে চুনারুঘাটের স্বপ্নের সড়ক—বালু লুট আর বর্ষণে ভাঙনের মুখে চা-বাগানের পথ

শেষ প্রহরে চুনারুঘাটের স্বপ্নের সড়ক—বালু লুট আর বর্ষণে ভাঙনের মুখে চা-বাগানের পথ
সংগ্রাম দত্ত: ঢাকা–সিলেট মহাসড়কের পাশে হবিগঞ্জের চুনারুঘাট—সবুজ চা-বাগান আর আঁকাবাঁকা সড়কের এক অনন্য মিলনস্থল। চন্ডিচড়া চা বাগানের ভেতর দিয়ে বয়ে যাওয়া এই সড়কটি একসময় ছিল পর্যটকদের প্রিয় পথ। কিন্তু আজ সেই পথই দাঁড়িয়ে আছে বিলীন হওয়ার দ্বারপ্রান্তে।

স্থানীয়দের অভিযোগ, রামগঙ্গা ব্রিজের নিচে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। প্রভাবশালী একটি চক্র ট্রলি নামিয়ে প্রকাশ্যেই এই কাজ করে যাচ্ছে। এতে নদীর তলদেশ দুর্বল হয়ে পড়েছে, নষ্ট হয়েছে স্বাভাবিক ভারসাম্য। বর্ষার পানির চাপ সেই ক্ষয়কে আরও ত্বরান্বিত করছে—ঝুঁকির মুখে পড়েছে ব্রিজ, আশপাশের সড়কও।

ভারী বর্ষণে ইতোমধ্যে সড়কের পাশজুড়ে ভাঙন দেখা দিয়েছে। কোথাও কোথাও মাটি সরে গিয়ে রাস্তা সরু হয়ে পড়েছে, তৈরি হয়েছে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি। পাহাড়ি ঢল নামলে এই ভাঙন আরও বাড়ছে, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে তীব্র উদ্বেগ দেখা গেছে। বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে স্পষ্ট হয়ে উঠেছে ধ্বংসের চিত্র।
ইঞ্জিনিয়ার রিমন সরকার নিজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, “সম্প্রতি এলাকাটি ঘুরে দেখেছি। ট্রলি দিয়ে বালু তুলতে দেখেছি। রাস্তার অবস্থা খুব খারাপ—মনে হচ্ছে এই বর্ষা মৌসুমেই সড়কটি পুরোপুরি বিলীন হয়ে যেতে পারে।” তিনি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

চুনারুঘাট সিলেট বিভাগের একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। বিশেষ করে চা বাগানের পাশ দিয়ে বয়ে যাওয়া এই সড়ক ও ছড়া-নদীর দৃশ্য প্রকৃতিপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। অথচ সেই আকর্ষণই এখন ধ্বংসের মুখে।

প্রকৃতির সৌন্দর্য আর মানুষের অবহেলার এই দ্বন্দ্বে হারিয়ে যেতে বসেছে একটি সম্ভাবনাময় পর্যটন পথ। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে, খুব শিগগিরই হয়তো মানচিত্র থেকেই মুছে যাবে চুনারুঘাটের এই স্বপ্নের সড়ক।

Leave Your Comments




সারাদেশ এর আরও খবর