প্রকাশিত :  ১৪:৪৬
০১ মে ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও অন্যান্য মালামাল জব্দ

সাতক্ষীরা সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও অন্যান্য মালামাল জব্দ

সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত পৃথক অভিযানে সর্বমোট ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় ক্রিস্টাল মেথ (আইস), মোবাইল ফোনের যন্ত্রাংশ ও শাড়ি জব্দ করা হয়েছে।

বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ বৈকারী বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৭/৫৬-এস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানী পূর্বপাড়া এলাকা থেকে আনুমানিক ২ কোটি ৯৪ লক্ষ টাকা মূল্যের ভারতীয় ক্রিস্টাল মেথ আইস জব্দ করে। একইভাবে কালিয়ানী বিওপির আরেকটি আভিযানিক দল সীমান্ত পিলার ৭/৬৫-এস সংলগ্ন কালিয়ানী নীলকুঠি এলাকা থেকে প্রায় ২ কোটি ২৬ লক্ষ টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করতে সক্ষম হয়।

অপরদিকে, একই দিনে কাকডাঙ্গা বিওপির দুটি পৃথক আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৪ ও ৫ আরবি সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে কলারোয়া উপজেলার কেড়াগাছি ও গেড়াখালী এলাকা থেকে আনুমানিক ৩ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও শাড়ি জব্দ করে। এছাড়া মাদরা বিওপির একটি আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৮ আরবি সংলগ্ন উত্তর ভাদিয়ালী এলাকা থেকে প্রায় ৪ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।

জব্দকৃত মালামাল চোরাকারবারীরা শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করছিল বলে জানা যায়। এ ধরনের চোরাচালান দেশের রাজস্ব ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি স্থানীয় শিল্পের বিকাশে বাধা সৃষ্টি করছে।

বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে সর্বদা তৎপর রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয় জনগণ বিজিবির এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে এ ধরনের অভিযান আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।


Leave Your Comments




সারাদেশ এর আরও খবর