প্রকাশিত :  ১৫:১৮
২৬ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট: ১৫:২০
২৬ এপ্রিল ২০২৬

কক্সবাজারের উখিয়া সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে ২৮২ রাউন্ড গোলাবারুদ উদ্ধার

কক্সবাজারের উখিয়া সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে ২৮২ রাউন্ড গোলাবারুদ উদ্ধার

বর্ডার গার্ড বালাদেশ (বিজিবি) কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে ২৮২ রাউন্ড গোলাবারুদ ও দেশীয় দা উদ্ধার করেছে। 

গতকাল (২৫ এপ্রিল) আনুমানিক রাত ১১.১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীনস্থ পালংখালী বিওপি’র একটি বিশেষ টহলদল বাহারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাদের সাথে থাকা গোলাবারুদ ও দেশীয় দা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫৩ রাউন্ড রাইফেলের গুলি ও ১২৯ রাউন্ড এমজির গুলি সর্বমোট ২৮২ রাউন্ড গোলাবারুদ এবং একটি দেশীয় দা উদ্ধার করতে সক্ষম হয়। পালিয়ে যাওয়া দুষ্কৃতকারীদের আটক করার জন্য বিজিবি সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালালেও তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের শনাক্ত করে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



Leave Your Comments




সারাদেশ এর আরও খবর