প্রকাশিত : ১৫:৫১
২৪ এপ্রিল ২০২৬
সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রাক্কালে প্রায় ৬৩ লক্ষ টাকা মূল্যের ২টি স্বর্ণের বারসহ শিউলি আক্তার (২৩) নামের এক নারীকে আটক করেছে বিজিবি।
গতকাল বিকেলে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, ভোমরা বিওপির দায়িত্বাধী বাঁকাল চেকপোস্ট সংলগ্ন আলীপুর এলাকা দিয়ে স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। উক্ত সংবাদের ভিত্তিতে অধিনায়কের নির্দেশক্রমে সাতক্ষীরা ব্যাটালিয়ন সদরের একটি চৌকষ আভিযানিক দল ঘটনাস্থলে কৌশলগত অবস্থান গ্রহণ করে। পরবর্তীতে ইজিবাইক যোগে খুলনা মোড় হতে ভোমরা সীমান্তের দিকে গমনকালে আলীপুর এলাকা থেকে সন্দেহভাজন বাংলাদেশি নাগরিক সাতক্ষীরা সদর উপজেলার তালতলা গ্রামের মোঃ জুবায়েরের স্ত্রী মোসাঃ শিউলী আক্তার (২৩)-কে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত শিউলি আক্তারকে বিজিবির মহিলা সৈনিক দ্বারা তল্লাশী করে তার নিকট হতে ০২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ২৯৬ গ্রাম ৪০ মিলিগ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৬২,৯৩,৮১০/- (বাষট্টি লক্ষ তিরানব্বই হাজার আটশত দশ) টাকা।
আটককৃত নারীকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে এবং উদ্ধারকৃত স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা প্রদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।