প্রকাশিত : ১১:১৩
২১ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট: ১১:২০
২১ এপ্রিল ২০২৬
আমেরিকা ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনার খবরে বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম। একই সঙ্গে মঙ্গলবার এশিয়ার শেয়ারবাজারে কিছুটা চাঞ্চল্য ফিরেছে।
চলতি সপ্তাহে দুই দেশের মধ্যে আলোচনা শুরু হতে পারে-এমন প্রত্যাশায় বিনিয়োগকারীদের মধ্যেও স্বস্তি ফিরতে শুরু করেছে।
এর আগে সোমবার আলোচনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় তেলের দাম প্রায় ৬ শতাংশ বেড়ে গিয়েছিল। তবে মঙ্গলবার বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫৪ সেন্ট বা ০ দশমিক ৬ শতাংশ কমে ৯৪ দশমিক ৯৪ ডলারে দাঁড়িয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) মে মাসের দর ব্যারেলপ্রতি ১ দশমিক ১১ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে ৮৮ দশমিক ৫০ ডলারে নেমেছে।
গত ২৮ ফেব্রুয়ারি যৌথভাবে ইরানের ওপর হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জেরে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। এতে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধরনের ধাক্কা লাগে। জ্বালানির চরম সংকট দেখা দেয় গোটা বিশ্বে। দীর্ঘস্থায়ী এ সংঘাত বিশ্ব অর্থনীতিকে মন্দার দ্বারপ্রান্তে ঠেলে দিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছিল। তবে আলোচনার নতুন সম্ভাবনা সেই আশঙ্কা কিছুটা হলেও কমতে শুরু করেছে। সূত্র: রয়টার্স