প্রকাশিত :  ০৮:৫৪
১৪ এপ্রিল ২০২৬

২৫ বছরেও নিষ্পত্তি হয়নি রমনা বটমূলে বোমা হামলা মামলা

২৫ বছরেও নিষ্পত্তি হয়নি রমনা বটমূলে বোমা হামলা মামলা

২০০১ সালে রমনা বটমূলে ছায়ানট–এর বর্ষবরণ অনুষ্ঠানে ভয়াবহ বোমা হামলার ঘটনায় দায়ের করা হত্যা মামলা ২৫ বছরেও চূড়ান্ত নিষ্পত্তিতে পৌঁছায়নি। বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা, আপিল ও রায় প্রকাশ সংক্রান্ত জটিলতার কারণে এখনো মামলাটির ভবিষ্যৎ অনিশ্চয়তায় রয়েছে।

২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় ১০ জন নিহত হন। ঘটনার সাত বছর পর, ২০০৮ সালে সিআইডি ১৪ জনকে আসামি করে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি অভিযোগপত্র দাখিল করে।

পরবর্তীতে ২০১৪ সালে ঢাকার একটি আদালত হত্যা মামলায় মুফতি হান্নানসহ আটজনকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে ২০২৫ সালে হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের সাজা কমিয়ে দেওয়া হয়।

এখনও হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ না হওয়ায় আসামিপক্ষ আপিল করতে পারছে না বলে দাবি করেছেন তাদের আইনজীবীরা। আইনজীবী শিশির মনির বলেন, রায় প্রকাশের পরই আপিল বিভাগে শুনানি সম্ভব হবে, তাই দ্রুত পূর্ণাঙ্গ রায় প্রকাশের প্রয়োজন রয়েছে।

অন্যদিকে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল জানান, রায় প্রকাশের পর তা পর্যালোচনা করে রাষ্ট্রের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে এবং মামলাটির চূড়ান্ত নিষ্পত্তির দিকে অগ্রসর হওয়া হবে।

এদিকে একই ঘটনায় করা বিস্ফোরক আইনের মামলাটি এখনো বিচারিক আদালতে চলমান। সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে এবং আগামী ৯ জুলাই আসামিপক্ষের আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য রয়েছে। রাষ্ট্রপক্ষের আশা, আগামী বৈশাখের আগেই এই মামলার রায় ঘোষণা হতে পারে।


Leave Your Comments




জাতীয় এর আরও খবর