প্রকাশিত :  ০৮:১৬
১৪ এপ্রিল ২০২৬

মাদ্রিদে বার্সার অগ্নিপরীক্ষা আজ

মাদ্রিদে বার্সার অগ্নিপরীক্ষা আজ

বার্সেলোনাঅ্যাতলেটিকো মাদ্রিদ সিরিজই চলছে যেন ! মাত্র ৯ দিনের ব্যবধানে তিনবার মুখোমুখি হচ্ছে স্পেনের এই দুই জায়ান্ট। আপাতদৃষ্টিতে লড়াইয়ে ১-১ সমতা থাকলেও সুবিধাজনক অবস্থানে রয়েছে অ্যাতলেটিকো।

৫ এপ্রিল নিজেদের মাঠে লা লিগায় হেরে গিয়েছিল তারা। তবে ৯ এপ্রিল ক্যাম্প ন্যুতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ২-০ গোলে জিতে এগিয়ে গেছে দিয়াগো সিমিওনের দল।

ইউরোপসেরার মঞ্চে টিকে থাকতে হলে আজ অ্যাতলেটিকোর মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানোতে ফিরতি লেগে বার্সাকে ন্যূনতম তিন গোলের ব্যবধানে জিততে হবে। কাজটা অবশ্যই ভীষণ কঠিন, তবে ইয়ামাল- লেভানডস্কিদের জন্য মোটেই অসম্ভব কিছু নয়। হ্যান্সি ফ্লিকের আক্রমণাত্মক দলটির জন্য এটি অগ্নিপীরক্ষাই।

৯ এপ্রিল ন্যু ক্যাম্পে ব্যবধান কমানোর সুবর্ণ সুযোগ পেয়েছিলেন রাশফোর্ড। কিন্তু বার্সার এই ইংলিশ ফরোয়ার্ড সে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছিলেন। আজ রাজধানী মাদ্রিদে আরও একটি সুযোগ পাচ্ছেন তিনি। রাশফোর্ডের জন্য ন্যু ক্যাম্পে ভবিষ্যৎটা পাকা করার সুযোগও। ম্যানইউ থেকে ধারে আসা ২৮ বছর বয়সী এ তারকার ভাগ্য বার্সায় সুতার ওপর ঝুলছে। চোটাক্রান্ত রাফিনহার জায়গায় খেলতে নেমে সেদিন বাঁ প্রান্ত দিয়ে অ্যাতলেটিকোর রক্ষণে ভালোই ভীতি ছড়িয়েছিলেন তিনি। কিন্তু গোলের দেখা পাননি। সেদিন ঘরের মাঠে ফেভারিট হিসেবে খেলতে নেমেছিল কাতালানরা। কিন্তু ৪৪ মিনিটে একটি লাল কার্ডে বদলে যায় ম্যাচের চিত্র। বার্সা ডিফেন্ডার পাউ কুবারসি এক বিতর্কিত সিদ্ধান্তে লাল কার্ড পান। 

পূর্বের লেগের বিতর্কিত এসব ঘটনার কারণে আজকের ম্যাচে উত্তেজনার পারদ তুঙ্গে থাকবে। শনিবার এস্পানিওলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে লা লিগা শিরোপার দ্বারপ্রান্তে চলে যাওয়ার পাশাপাশি অ্যাতলেটিকো ম্যাচের প্রস্তুতিও নিয়ে নিয়েছে বার্সা। সেই ম্যাচে গোল পাওয়ায় ইয়ামাল, রাশফোর্ডরা বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবেন। তবে আটঘাট বেঁধে নামবে অ্যাতলেটিকো। শুধু এই ম্যাচে সেরা একাদশকে তরতাজা অবস্থায় পেতে শনিবার রাতে সেভিয়ার বিপক্ষে ১০ জনকে বিশ্রামে রেখেছিলেন।

পিএসজির বিপক্ষেও কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ২-০ গোলে হেরেছে লিভারপুল। বার্সার মতো তাদেরও আজ ন্যূনতম তিন গোলের ব্যবধানে জিততে হবে। তবে লিভারপুল খেলবে আজ ঘরের মাঠ এনফিল্ডে। এটাই ভরসা দিচ্ছে অলরেডদের।

লিভারপুল বস আর্নে স্লটের অভিমত, এ ধরনের ম্যাচে ছন্দ ভীষণ গুরুত্বপূর্ণ। শনিবার প্রিমিয়ার লিগে ফুলহামকে ২-০ গোলে হারিয়ে লিভারপুল সে ছন্দ পেয়ে গেছে বলে বিশ্বাস এ ডাচ কোচের। অবশ্য আসরের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজিও দুর্দান্ত ফর্মে আছে। সর্বশেষ পাঁচ ম্যাচে প্যারিসের এ দলটি কেবল জয়ই পায়নি, প্রতিপক্ষকে রীতিমতো গুঁড়িয়ে দিয়েছে।



Leave Your Comments




খেলাধুলা এর আরও খবর