প্রকাশিত : ০৬:৫৮
০৫ এপ্রিল ২০২৬
পাইলট উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের আরেকটি যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইরান। গত ৩ এপ্রিল ইরানে ভূপাতিত হওয়া মার্কিন এফ-১৫ জেটের নিখোঁজ পাইলটকে উদ্ধার করতে গেলে সেটিকে লক্ষ্যবস্তু করা হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে আইআরজিসি জানায়, উদ্ধার অভিযানে নিয়োজিত বিমান ভূপাতিত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ইসফাহানের দক্ষিণাঞ্চলে। সেখানে নিখোঁজ মার্কিন পাইলটের সন্ধানে নিয়োজিত ছিল বিমানটি।
সংবাদ সংস্থাটি তাদের টেলিগ্রাম চ্যানেলে একটি ছবি পোস্ট করেছে, যেখানে একটি মাঠ থেকে ঘন ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে। তারা একে বর্ণনা করেছে ‘একটি বিশাল পরাজয় ধামাচাপা দেওয়ার জন্য ট্রাম্পের মরিয়া চেষ্টা’ হিসেবে।
এমন সময় এই প্রতিবেদন সামনে এলো যখন ট্রাম্প ঘোষণা করেছেন যে, নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে।
তবে ইরানের দাবি অনুযায়ী ভূপাতিত যুদ্ধবিমানের মডেল তাৎক্ষণিকভাবে কেউ নিশ্চিত করতে পারেনি।
এর আগে গত ৩ এপ্রিল নিখোঁজ পাইলটদের উদ্ধার অভিযানে অংশ নিতে গিয়ে আইআরজিসির হামলায় বিধ্বস্ত হয় মার্কিন এ-১০ যুদ্ধবিমান। একই সঙ্গে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয় দুটি ব্ল্যাকহক হেলিকপ্টার।
সূত্র: আল জাজিরা।