প্রকাশিত : ০৬:০৫
০৫ এপ্রিল ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন যে, ইরানে নিখোঁজ হওয়া দ্বিতীয় পাইলটকে নিরাপদে উদ্ধার করা হয়েছে । আজ রোববার (৫ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, প্রিয় মার্কিন নাগরিকবৃন্দ আমরা তাকে খুঁজে পেয়েছি। গত কয়েক ঘণ্টায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তাদের ইতিহাসের অন্যতম সাহসী অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করেছে।
মার্কিন প্রেসিডেন্ট আরও লিখেছেন, এই অভিযানটি ছিল আমাদের এক অসাধারণ ক্রু সদস্য কর্মকর্তাকে উদ্ধারের জন্য, যিনি একই সঙ্গে একজন অত্যন্ত সম্মানিত কর্নেল। আপনাদের জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত যে তিনি এখন সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন।
ওই পাইলটকে উদ্ধারে মার্কিন বাহিনী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করছিল বলে জানান ট্রাম্প। তিনি বলেন, তাকে উদ্ধারে কয়েক ডজন যুদ্ধবিমান পাঠানো হয়েছিল। এসব যুদ্ধবিমানে ছিল পৃথিবীর সবচেয়ে ভয়ানক মরণঘাতি অস্ত্র। তবে উদ্ধার হওয়া পাইলট সামান্য আহত বলে জানান ট্রাম্প।
শুক্রবার ইরানের আকাশসীমায় মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ ক্রু'কে খুঁজতে তল্লাশি শুরু করে মার্কিন বাহিনী। ওই ক্রু'কে উদ্ধারে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা শুক্রবার রাতে ইরানে প্রবেশ করে।
অন্যদিকে ওই নিখোঁজ মার্কিন পাইলটকে পেতে ইরানও ব্যাপক তল্লাশি শুরু করে। তাকে কেউ ধরিয়ে দিতে পারলে মোটা অঙ্কের পুরস্কারও ঘোষণা করে ইরান।
তবে সর্বশেষ খবর অনুযায়ী, মার্কিন বাহিনী ওই পাইলটকে ইরান থেকে নিরাপদে উদ্ধার করেছে।