প্রকাশিত : ০৬:১৮
০৩ এপ্রিল ২০২৬
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য হিসেবে চমৎকারভাবে উপস্থাপন করতে পারেন।
গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সপ্তম দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এই মন্তব্য করেন।
৭১ বিধিতে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ‘সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা কালকে চলে যাওয়ার পরে আমাকে ভালোবেসে স্বরাষ্ট্রমন্ত্রী একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে, আমি একটি অসত্য কথা এখানে বলে গেছি। আমি এটা জানতে পারলাম। তো আসলে আল্লাহ তাআলা তাকে অপূর্ব দক্ষতা দিয়েছেন। জাস্ট বোতলটা পরিবর্তন করে মেটেরিয়ালসটা ঠিক রেখে তিনি সত্যকে মিথ্যা হিসেবে এবং মিথ্যাকে সত্য হিসেবে চমৎকারভাবে পরিবেশন করতে পারেন। এজন্য শুধু তাকে ধন্যবাদ জানানোর জন্য আমি এখানে দাঁড়িয়েছি।’
বিরোধীদলীয় নেতার এমন বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, এটা গতকালের বিষয়, গতকালই বিষয়টি শেষ হয়ে গেছে। এটা আর নতুন করে সংসদে তোলার কোনো প্রয়োজন নেই।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে বিরোধীদলীয় নেতা দুইটা অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন। সেটা হচ্ছে ‘মিথ্যা’। এটা অসত্য বললে আমি আপত্তি করতাম না। এই যে আমি কালকে মিথ্যা বলেছি বয়ান– তো এই মিথ্যা শব্দটা অসংসদীয় হিসেবে এটা এক্সপাঞ্জ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি।’
সালাহউদ্দিন বলেন, ‘উনার কালকের বক্তব্যের প্রেক্ষিতে আমি বলেছিলাম বিরোধীদলীয় নেতা এখানে একটা অসত্য বক্তব্য উপস্থাপন করেছেন। সেটা ছিল যে যেখানে রুল ৬২ অনুসারে আপনি তার পরে একজন বেসরকারি সদস্যের উত্থাপিত মুলতবি প্রস্তাব গ্রহণ করেছেন উনাদের ওয়াক আউট করার অনেক পরে। তাহলে সেটা পার্লামেন্টে উত্থাপিত বা পঠিত হইলো কীভাবে? সুতরাং আমি বলেছি সেই বক্তব্যটা অসত্য।’
এর জবাবে বিরোধীদলীয় নেতা পাল্টা যুক্তি দিয়ে বলেন, ‘বিভ্রান্তিটা এখানে। একই বিষয় একই প্রস্তাব একজন স্বতন্ত্র সংসদ সদস্য এনেছিলেন। সেই প্রস্তাবটি ভিন্ন নামে গতকাল এসেছে। শুধু নাম বদল হয়েছে প্রস্তাবটি এক আছে। আমি তো আগেরটা জানতাম বলেই বলেছি। এখানে আমি কোনও ভুল তথ্য দেইনি।’