প্রকাশিত : ০৫:৩৫
০৩ এপ্রিল ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার লক্ষ্যবস্তু নিয়ে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন । তিনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এখনো ইরানের অবশিষ্ট অবকাঠামো ধ্বংস করা শুরু করেনি।
আজ শুক্রবার (৩ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, এখন পর্যন্ত আমাদের সামরিক বাহিনী, বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী বাহিনী। তারা ইরানে যা কিছু বাকি আছে তা ধ্বংস করা শুরুও করেনি।
মার্কিন প্রেসিডেন্ট হুমকির সুরে লিখেছেন, ইরানে এবার লক্ষ্য সেতু, এরপর বিদ্যুৎকেন্দ্র! ইরানের সরকারকে উদ্দেশ করে তিনি উল্লেখ করেন, নতুন শাসন ব্যবস্থার নেতৃত্ব জানে কী করতে হবে, এবং সেটা দ্রুত করতে হবে!
ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলা শুক্রবার (৩ এপ্রিল) পর্যন্ত টানা ৩৫ দিনে গড়েছে। এতে ইরানে বহু হতাহত ও ক্ষয়ক্ষতি হয়েছে বলে বিভিন্ন মিডিয়ার খবরে বলা হয়েছে। তবে এখন পর্যন্ত যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ পাওয়া যাচ্ছে না।