প্রকাশিত :  ০৫:১১
০২ এপ্রিল ২০২৬

বন্ধ হোক জাতীয় সংসদে ইংরেজির যথেচ্ছ ব‍্যবহার

বন্ধ হোক জাতীয় সংসদে ইংরেজির যথেচ্ছ ব‍্যবহার

সারওয়ার-ই আলম

জাতীয় সংসদের কয়েকটি অধিবেশন দেখে মনে হলো স্পীকার হাফিজ উদ্দিন , স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, সংসদ সদস‍্য আ‍ন্দালিব রহমান পার্থ ও অন‍্যান‍্যরা যেন একটানা কয়েক মিনিটও বাংলায় কথা বলতে সক্ষম নন। তাঁদের ইংরেজি বলা চাই-ই চাই! এমন অনেক ইংরেজি শব্দ তাঁরা ব‍্যবহার করছেন যেসব শব্দের বহুল প্রচলিত বাংলা শব্দ রয়েছে। বাংলার প্রতি জাতীয় সংসদে স্পীকারের ও সদস‍্যদের এই অবজ্ঞা প্রদর্শন শুধু অনাকাঙ্খিত-ই নয় অগ্রহণযোগ‍্যও বটে। কারণ বাংলা এতটা পঙ্গু ভাষা নয় যে ইংরেজির ওপর ভর দিয়ে দিয়ে তাকে চলতে হবে। সংসদে তাঁদের কথা শুনে মনে হয় বাংলা একটি পঙ্গু ভাষা। ইংরেজি না বললে এর অর্থ পরিস্কার হয় না। কী দুঃখজনক! এই হলো আমাদের স্পীকার, মন্ত্রী ও সংসদ সদসদ‍্যদের দেশপ্রেম ও ভাষাপ্রেমের নমুনা। এরাই আবার সর্বস্তরে বাংলা ভাষা চালু করার জন‍্য জাতিকে সবক দেবে। একদিকে আমরা বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে অন্তর্ভুক্ত করার দাবী করছি, অন‍্যদিকে আমাদের জাতীয় সংসদে স্পীকার ও সংসদ সদস‍্যগণ অপ্রয়োজনে ইংরেজি ব‍্যবহার করছেন। কী হাস‍্যকর ব‍্যাপারটা!

আজ এক ভিডিওতে দেখলাম, স্পীকার বলছেন— "বিরোধী দলের সদস‍্যরা কোন সদস‍্য যখন বক্তৃতা দেয় তখন কোনো কমেন্ট করবেন না, তাকে ডিসট্রাক্ট করার চেষ্টা করবেন না, প্লিজ লিসেন টু হিম, ইউ উইল গেট ইউর টার্ণ"।

এখানে স্পীকার কি একেবারেই অপ্রয়োজনে ইংরেজি ব‍্যবহার করলেন না? তিনি তো কোনো ইংরেজি শব্দ ব‍্যবহার না করেই উপরের কথাগুলো বিশুদ্ধ বাংলায় খুব সহজে সুন্দর করে বলতে পারতেন এভাবে— বিরোধী দলের সদস‍্যরা কোনো সদস‍্য যখন বক্তৃতা দেয় আপনারা কোনো মন্তব‍্য করবেন না। তার মনযোগ নষ্ট করার চেষ্টা করবেন না। অনুগ্রহ করে তার কথা শুনুন। আপনারাও কথা বলার সুযোগ পাবেন।

স্পীকার এভাবে বললে কতই না মধুর শোনাতো। এখানে কোন শব্দটি জটিল বা অপ্রচলিত বাংলা শব্দ? একটিও তো না। তাহলে কেন স্পীকার ডিস্ট্রাক্ট, কমেণ্ট, প্লিজ লিসেন টু হিম, ইউ উইল গেট ইউর টার্ণ ব‍্যবহার করলেন? দেশের কতজন মানুষ স্পীকারের ভাষা পুরোপুরি বুঝবেন?

আরেকদিন দেখলাম শিক্ষামন্ত্রী তাঁর বক্তৃতায় বলছেন— "অ‍্যাডমিনিস্ট্রেটিভ ব‍্যাপার অ‍্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে হবে। লিভ ইট টু আস। আমরা তো কাজ করছি। লটারি ইজ নট অ‍্যা সলিউশন ফর অ‍্যাডমিশন। অ‍্যাবসোলিউটলি। আপনি মেধাকে কোন ব‍্যারোমিটারে জাস্টিফাই করবেন সেটা পরের ব‍্যাপার"।

শিক্ষামন্ত্রীর মুখে এটা কোন ভাষা? না বাংলা, না ইংরেজি। শিক্ষামন্ত্রী এভাবে কথা বলে কী দৃষ্টান্ত স্থাপন করতে চাইলেন? তিনি কি বাংলা ভুলে গেছেন, না কি ইংরেজি শব্দ ব‍্যবহার না করলে তাঁর কথাগুলো মানুষ বুঝবেন না?

আচ্ছা দেখা যাক, কোনো জটিল ও অপ্রচলিত বাংলা শব্দ ব‍্যবহার না করে তাঁর কথাগুলো বিশুদ্ধ বাংলায় কীভাবে বলা যায়। কথাগুলো এরকম হতে পারতো— প্রশাসনিক ব‍্যাপার প্রশাসনিক উপায়েই হবে। বিষয়টি আমাদের ওপর ছেড়ে দিন। আমরাতো কাজ করছি। লটারী ভর্তি পদ্ধতির সমাধান নয়। একদমই না। আপনি মেধাকে কীভাবে মূল‍্যায়ণ (বা যাচাই, বা বিচার) করবেন সেটা পরের ব‍্যাপার।

— শিক্ষামন্ত্রী ইংরেজি ব‍্যবহার না করে কথাগুলো এভাবে বিশুদ্ধ বাংলায় বললে কি জনগণের বুঝতে খুব একটা অসুবিধা হতো? নিশ্চয় নয়। এখানে একটিও তো জটিল বা অপ্রচলিত বাংলা শব্দ ব‍্যবহার করতে হয়নি। জনগণ এসব শব্দের সঙ্গে পরিচিত। নিশ্চয় তিনিও। তাহলে শিক্ষামন্ত্রী কেন তাঁর বক্তব‍্যে যথেচ্ছা ইংরেজী শব্দ ব‍্যবহার করলেন? এটা কি তাঁর ভাষাপ্রেমের অভাব, না কি নিজেকে উচ্চশিক্ষিত জাহির করার চেষ্টা?

দু'জন সংসদ সদস‍্য— আন্দালিব রহমান পার্থ ও সালাউদ্দিন আহমেদ সংসদে কথা বলার সময় প্রায় পঞ্চাশ ভাগ কথাই ইংরেজীতে বলেন। কখনো পুরো বাক‍্য আবার কখনো বাংলার সঙ্গে একেবারে দরকার ছাড়া একটি ইংরেজি শব্দ ঢুকিয়ে দেন।

যেমন একটি ভিডিওতে দেখলাম আন্দালিব রহমান পার্থ বলছেন— "আন্ডারমাইন দ‍্য প্রভিশন অব দ‍্য আদেশ। আমি কামিং টু দ‍্য পয়েন্ট। চারটা প্রভিশন যে দেওয়া আছে। আসুন সংবিধানটাকে রেসপেক্ট করি, জুলাই সনদটাকেও রেসপেক্ট করি"।

কী হলো তাঁর এই কথা? এখানে আন্ডারমাইন কেন বলতে হবে? অবজ্ঞা বললে কি ক্ষতি হতো? প্রভিশন কেন বলতে হবে? নিয়ম বা বিধান বললে ক্ষতি কী? অব দ‍্য আদেশ— এটা কোন ভাষা? আমি কামিং টু দ‍্য পয়েণ্ট। ভাষার এই মিশ্রণটা কতটা দরকারী ছিল? আমি মূল প্রসঙ্গে আসছি বললেই তো যথেষ্ট ছিল। আবার তিনি বললেন— আসুন সংবিধানকে রেসপেক্ট করি। অথচ রিসপেক্ট শব্দের কী সুন্দর বাংলাই না রয়েছে— শ্রদ্ধা। উনি বলতে পারতেন আসুন সংবিধানকে শ্রদ্ধা করি। সংসদ সদস‍্য একদিকে বলছেন সংবিধানকে ' রেসপেক্ট' করার জন‍্য, অথচ নিজে মাতৃভাষাটাকেই ' রেসপেক্ট' করছেন না। বিষয়টি কি স্ববিরোধী নয়?

জাতীয় সংসদে এ ধরণের মিশ্র ভাষার ব‍্যবহার কিছুতেই গ্রহণযোগ‍্য হতে পারে না। এতে ভাষার সৌন্দর্যহানি হয়। উদাহরণ দিলে ভুরি ভুরি দেওয়া যাবে। সংসদের অধিবেশনগুলো দেখলেই এর প্রমাণ মিলবে। একজন নাগরিক হিসেবে স্পীকার ও সংসদ সদস‍্যদেরকে বিনীতভাবে বলতে চাই— আপনারা এ দেশের সাধারণ জনগণের প্রতিনিধি। তাই জাতীয় সংসদে ইংরেজিতে নয়, এলিটদের ভাষায় নয়, জনগণের ভাষায় কথা বলুন। বাংলার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করুন। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করুন। এটা আপনাদের পছন্দ-অপছন্দের বিষয় নয়, এটা আপনাদের নৈতিক দায়িত্ব।

স্পীকার ও সংসদ সদস‍্যদের মনে রাখা উচিত যে তাঁরা প্রতিনিধিত্ব করেন দেশের মানুষকে। সুতরাং তাঁদের ভাষাও হওয়া উচিত জনগণের ভাষা। নিজেরা ইংরেজি জানেন বলে কথায় কথায় ইংরেজি ঝাড়ার জায়গা সংসদ নয়, সেটা ব‍্যক্তিগত পরিসরে করতে পারেন। তাই এমন একটা বিধান করা জরুরি যে স্পীকার ও সংসদ সদস‍্যরা অপ্রয়োজনে সংসদে ইংরেজি শব্দ ব‍্যবহার করতে পারবেন না। সংসদের ভাষা হবে বাংলা। যেসব শব্দের বাংলা পরিভাষা নেই সেসব শব্দের কথা ভিন্ন। যেসব শব্দকে বাংলায় আত্তীকরণ করা হয়েছে সেসব শব্দ অবশ‍্যই ব‍্যবহার করা যাবে। তাই বলে পারিবারিক পরিবেশে, বন্ধুবান্ধবের সঙ্গে নিজেদের খেয়ালখুশী মতো যেভাবে বাংলার সঙ্গে ইংরেজি মিশিয়ে আমরা কথা বলি, জাতীয় সংসদের মতো দেশের একটি শীর্ষ প্রতিষ্ঠানে দাঁড়িয়ে সেভাবে, অর্থাৎ যেটাকে অনেকে বলে 'বাংলিশ' ভাষায় কথা বলা ঠিক নয়। এতে একদিকে যেমন ভাষার প্রতি অবজ্ঞা প্রদর্শন করা হয়, অপরদিকে ভাষা শহীদদের প্রতিও অসম্মান জানানো হয়। জনগণ নিশ্চয় জাতীয় সংসদে জনপ্রতিনিধিদের কাছ থেকে তা আশা করেন না!

সারওয়ার-ই আলম: ইলফোর্ড, লণ্ডন, ১ এপ্রিল ২০২৬

Leave Your Comments




মত-বিশ্লেষণ এর আরও খবর