প্রকাশিত : ১৪:৩২
৩১ মার্চ ২০২৬
সংগ্রাম দত্ত: চা-বনাঞ্চল ও প্রাকৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ শ্রীমঙ্গল উপজেলার নতুন বাজার এলাকায় একটি তক্ষক উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে একটি গুড়ের দোকানে আকস্মিকভাবে তক্ষকটি দেখা গেলে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্যামল দেবের গুড়ের দোকান খোলার পরপরই দোকানের ভেতরে তক্ষকটি দেখতে পান কর্মচারীরা। তাৎক্ষণিকভাবে তারা চিৎকার করলে আশপাশের ব্যবসায়ী ও পথচারীরা ঘটনাস্থলে জড়ো হন। এ সময় কেউ কেউ প্রাণীটিকে নিয়ে নানা গুজব ছড়ান, যার মধ্যে উচ্চমূল্যে বিক্রির কথাও শোনা যায়।
পরিস্থিতি সম্পর্কে অবগত হয়ে দোকানের মালিক শ্যামল দেব বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান। পরে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে তক্ষকটি নিরাপদ ও অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
উদ্ধারের পর বন্যপ্রাণীটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। সংশ্লিষ্টরা জানান, বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং এ ধরনের প্রাণী দেখলে তা ক্ষতিগ্রস্ত না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।