প্রকাশিত :  ০৩:৪২
২৮ মার্চ ২০২৬

মার্কিন দশ হাজার স্থলসেনার বিপরীতে ১০ লাখ সেনা মোতায়েন করছে ইরান

মার্কিন দশ হাজার স্থলসেনার বিপরীতে ১০ লাখ সেনা মোতায়েন করছে ইরান

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থলপথের আক্রমণ প্রতিহত করতে ১০ লাখ যোদ্ধা মোতায়েনের ঘোষণা দিয়েছে ইরান।  এই ধরনের যেকোনো মার্কিন স্থল অভিযানকে তেহরান ‘আত্মঘাতী’ পদক্ষেপ হিসেবে বর্ণনা করে দেশজুড়ে ব্যাপক সামরিক প্রস্তুতি শুরু করেছে। 

বিশেষ করে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপ রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে, যেখান থেকে ইরানের মোট তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশ পরিচালিত হয়। ইরানের বার্তা সংস্থা তাসনিমকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির সামরিক সূত্র জানিয়েছে যে, দক্ষিণ ফ্রন্ট দিয়ে স্থলযুদ্ধে জড়ানোর যে কোনো মার্কিন প্রচেষ্টাকে একটি ‘ঐতিহাসিক বোকামি’ হিসেবে গণ্য করা হবে এবং ইরানি ভূখণ্ডে আমেরিকান বাহিনীর জন্য একটি ‘ঐতিহাসিক নরক’ তৈরি করতে দেশটির পদাতিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

ইতোমধ্যে ১০ লাখ সেনার একটি বিশাল বাহিনীকে স্থলযুদ্ধের জন্য সুসজ্জিত করার পাশাপাশি গত কয়েক দিনে ইরানি তরুণদের মধ্যে যুদ্ধে অংশ নেওয়ার ব্যাপক আগ্রহ দেখা গেছে। তাসনিমের প্রতিবেদন অনুযায়ী, দেশটির আধাসামরিক বাহিনী বাসিজ, ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরসিজি) এবং নিয়মিত সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য হাজার হাজার স্বেচ্ছাসেবী রিক্রুটমেন্ট সেন্টারগুলোতে ভিড় জমাচ্ছেন। 
আসন্ন এই সম্ভাব্য সংঘাতের অংশ হতে ইচ্ছুক তরুণদের এই গণজোয়ারকে দেশটির সামরিক কর্মকর্তারা জাতীয় সংহতির বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। ইরানি কমান্ডিং অফিসাররা দাবি করছেন যে, বর্তমানে তাঁদের জনবল ও যুদ্ধের সরঞ্জাম যেকোনো ধরনের বড় মাপের অনুপ্রবেশ ঠেকানোর জন্য যথেষ্ট।


Leave Your Comments




আন্তর্জাতিক এর আরও খবর