প্রকাশিত :  ১৫:৩৯
২৬ মার্চ ২০২৬

বিটিএসের কনসার্ট উপভোগ করল ১৯০ দেশের প্রায় ২ কোটি মানুষ

বিটিএসের কনসার্ট উপভোগ করল ১৯০ দেশের প্রায় ২ কোটি মানুষ

জ্যেষ্ঠ প্রতিবেদক সৈয়দ আমাউল্লাহ: দীর্ঘ বিরতির পর বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএস (BTS  ) আবারও মঞ্চে ফিরেছে জাঁকজমকপূর্ণ এক কামব্যাক কনসার্টের মাধ্যমে। দক্ষিণ কোরিয়ার রাজধানী   সিউল (Seoul) -এর ঐতিহাসিক গোয়াংহওয়ামুন স্কয়ারে (Gwanghwamun Square) অনুষ্ঠিত এই বিশেষ কনসার্টটি বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম  নেটফ্লিক্স (Netflix)।

বিনোদন সংস্থা HYBE এবং নেটফ্লিক্সের দেওয়া তথ্য অনুযায়ী, কনসার্টটি নেটফ্লিক্সের লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে বিশ্বের প্রায় ১৯০টি দেশে একযোগে সম্প্রচার করা হয়। এতে বিশ্বজুড়ে প্রায় ১ কোটি ৮৪ লাখ (১৮.৪ মিলিয়ন) দর্শক সরাসরি কনসার্টটি উপভোগ করেন। যদিও বাংলাদেশের কিছু স্থানীয় গণমাধ্যমে এই সংখ্যাকে “প্রায় ২ কোটি” দর্শক হিসেবে উল্লেখ করা হয়েছে।

শুধু অনলাইনেই নয়, কনসার্ট ভেন্যুতেও ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। আয়োজকদের তথ্য অনুযায়ী, গোয়াংহওয়ামুন স্কয়ারে সশরীরে উপস্থিত ছিলেন প্রায় ১ লাখ ৪ হাজার ভক্ত। যদিও   সিউল মেট্রোপলিটন সরকার  (Seoul Metropolitan Government) শুরুতে ধারণা করেছিল, প্রায় ২ লাখ ৬০ হাজার দর্শক এই অনুষ্ঠানে অংশ নিতে পারেন।

এই কনসার্টটির বিশেষত্ব ছিল—২০২২ সালের পর প্রথমবারের মতো একসঙ্গে মঞ্চে ওঠেন সাত সদস্য জিন, সুগা, জে-হোপ, আরএম, জিমিন, ভি ও জং কুক। সামরিক দায়িত্বের কারণে বিরতির পর এই প্রত্যাবর্তন যেন ভক্তদের জন্য এক আবেগঘন পুনর্মিলন।

অনুষ্ঠানে তারা তাদের নতুন অ্যালবাম ARIRANG-এর গান পরিবেশন করেন, যা ভক্তদের মধ্যে দারুণ উন্মাদনা সৃষ্টি করে।

এদিকে এই কনসার্টটি আরেকটি কারণেও গুরুত্বপূর্ণ। এটি দক্ষিণ কোরিয়া থেকে নেটফ্লিক্সের প্রথম লাইভ ইভেন্ট এবং বিশ্বব্যাপী কোনো সঙ্গীতানুষ্ঠান সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে প্ল্যাটফর্মটির প্রথম বড় উদ্যোগ। ফলে প্রযুক্তি ও বিনোদনের এই যুগল আয়োজন বিশ্ব সংগীত জগতে নতুন এক মাইলফলক তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।


Leave Your Comments




বিনোদন এর আরও খবর