প্রকাশিত : ১৫:৩৩
২৬ মার্চ ২০২৬
পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখরিত মৌলভীবাজার জলার লাউয়াছড়া জাতীয় উদ্যান। ঈদের দিন শনিবার (২১ মার্চ) বিপুল সংখ্যক পর্যটকের ভিড় লেগেছিল এখানে।
ঈদের পরদিন রোববার (২২ মার্চ) সকাল থেকেই স্থানীয় পর্যটকদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো দর্শনার্থীর পদচারণায় মুখর হয়ে ওঠে এই জাতীয় উদ্যানটি।
এই ৩ দিনে বনাঞ্চলটিতে বিপুল সংখ্যক পর্যটক প্রবেশের ফলে ৭২ ঘণ্টায় সরকারের রাজস্ব আয় হয়েছে প্রায় ৫ লাখ ৭০ হাজার ১২ টাকা।
উদ্যান কর্তৃপক্ষ জানায়, যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে ঈদের দিন থেকেই ভ্রমণ পিপাসুরা এই চিরহরিৎ বনে ভিড় করতে থাকেন। ঈদের প্রথম দিন ১ হাজার ৫২ জন পর্যটক টিকিট কেটে বনে প্রবেশ করেন, যা থেকে রাজস্ব আদায় হয় প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। তবে ঈদের দ্বিতীয় দিন পর্যটকদের সমাগম ছিল দ্বিগুণ। এদিন প্রায় ১ হাজার ৯০০ জন পর্যটক প্রবেশ করায় টিকিট বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ৬ হাজার টাকা। ঈদের ৩য় দিন (সোমবার) ১ হাজার ৭ শত ৯০ জন পর্যটক প্রবেশ করে এতে রাজস্ব আয় ২ লাখ ৪ হাজার ৪ শত ১২ টাকা। ঈদের ৩ দিনে মোট ৪ হাজার ৭ শত ৪২ জন দেশি-বিদেশি পর্যটক উদ্যানটি ভ্রমণ করেন।
ঈদে পর্যটক মনিটরিং এর দায়িত্বে থাকা লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির সদস্য ফিলা পতমী জানান, অন্যান্য সময়ের তুলনায় এবারের ঈদে পর্যটক উপস্থিতি অনেক। পর্যটকদের নিরাপত্তায় এবং বনের পরিবেশ রক্ষায় সহ- ব্যবস্থাপনা কমিটি, বনবিভাগ ও ট্যুরিষ্ট পুলিশের বিশেষ নজরদারি ছিল।