প্রকাশিত :  ১৯:২৭
২৫ মার্চ ২০২৬

মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় তিন প্রাণহানি: ট্রেন, সড়ক ও পাহাড়ধসে শোকের ছায়া

মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় তিন প্রাণহানি: ট্রেন, সড়ক ও পাহাড়ধসে শোকের ছায়া
সংগ্রাম দত্ত: মৌলভীবাজার জেলায় মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ট্রেন দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা ও পাহাড়ধসে পৃথক তিনটি মর্মান্তিক ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ মার্চ) জেলার কমলগঞ্জ, রাজনগর ও সদর উপজেলায় ঘটে যাওয়া এসব ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

জানা গেছে, কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে হাফেজ জোবায়ের আহমদ (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়। ভানুগাছ রেলওয়ে স্টেশনের ১৬৮ নম্বর ব্রিজ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। তিনি কমলগঞ্জ উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নের সড়ইবাড়ি গ্রামের মোহাম্মদ চেরাগ আলীর ছেলে।

জিআরপি পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চলন্ত ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে।

অন্যদিকে, রাজনগর উপজেলার উত্তরভাগ এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি মাইক্রোবাসের ধাক্কায় হুসাইন আহমেদ (৯) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১টায় উত্তরভাগ ইউনিয়নের মুটুকপুর গ্রামে শিশুটির জানাজা অনুষ্ঠিত হয়। শিশুটির আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের মাতম ছড়িয়ে পড়ে।

এছাড়া, মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবলা এলাকায় মঙ্গলবার দিবাগত রাতে পাহাড়ে মাটি কাটার সময় ধসে পড়ে প্রাণ হারান মো. জয়নাল মিয়া (৩০)। তিনি ওই এলাকার মৃত জয়তুন মিয়ার ছেলে। স্থানীয়দের ধারণা, অনিরাপদভাবে পাহাড় কাটার সময় এই দুর্ঘটনা ঘটে।

পৃথক এসব দুর্ঘটনায় নিহতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাগুলোর তদন্ত করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

Leave Your Comments




সারাদেশ এর আরও খবর