প্রকাশিত :  ০৫:২২
২৪ ফেব্রুয়ারী ২০২৬

শ্রীমঙ্গলে মুক্তিযুদ্ধের সময়কার অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

শ্রীমঙ্গলে মুক্তিযুদ্ধের সময়কার অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার
সংগ্রাম দত্ত: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের দুর্গানগর গ্রামে খাল খননের সময় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকালীন একটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করা হয়েছে। পরে বাংলাদেশ পুলিশ-এর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেটি নিরাপদে নিষ্ক্রিয় করে সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সক্ষম হয়।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় কৃষক শহিদ মিয়া বাড়ির পাশের একটি ড্রেন (খাল) খননের সময় মাটির নিচে লোহার মতো একটি ভারী ধাতব বস্তু দেখতে পান। অস্বাভাবিক বস্তুটি দেখে সন্দেহ হলে তিনি আশপাশের লোকজনকে জানান। বস্তুটি বোমা, লঞ্চার কিংবা মাইন হতে পারে—এমন আশঙ্কায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও প্রশাসনের সদস্যরা এলাকা ঘিরে ফেলেন এবং সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরে যেতে নির্দেশ দেন। নিরাপত্তা ঝুঁকি এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পাওয়ার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল নিয়ন্ত্রণে নেয়। সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) ওয়াহিদুজ্জামান রাজু ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সার্বিক পরিস্থিতি তদারকি করেন।

এ সময় স্থানীয় এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বস্তুটি প্রাথমিকভাবে পরীক্ষা করে সেটিকে মর্টার শেলের অংশ হিসেবে শনাক্ত করেন এবং পুলিশকে অবহিত করেন। পরবর্তীতে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এর বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চালায়।

দীর্ঘ প্রস্তুতি শেষে রাত আটটার দিকে বিশেষজ্ঞ দলটি মর্টার শেলটি সফলভাবে নিষ্ক্রিয় করে। এতে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসে।

সহকারী পুলিশ সুপার ওয়াহিদুজ্জামান রাজু বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করি। পরে বোম ডিসপোজাল ইউনিট পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত আটটার দিকে শেলটি নিষ্ক্রিয় করে।”

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া গোলাবারুদটি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়কার অবিস্ফোরিত মর্টার শেল। দীর্ঘ পাঁচ দশক পর এমন বিপজ্জনক যুদ্ধাস্ত্রের সন্ধান মিললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও পেশাদার পদক্ষেপে পরিস্থিতি শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে। ঘটনাটি স্মরণ করিয়ে দেয়—মুক্তিযুদ্ধের ইতিহাস কখনও কখনও মাটির গভীরেও লুকিয়ে থাকে।

Leave Your Comments




সারাদেশ এর আরও খবর