প্রকাশিত : ০৯:১৫
০১ আগষ্ট ২০২৩
সর্বশেষ আপডেট: ০৯:২২
০১ আগষ্ট ২০২৩
কাইজেন বাস্তবায়নে ৬২টি প্রতিষ্ঠান এবং প্রায় ৪০০ জন উদ্যোক্তাকে দক্ষতা উন্নয়নমূলক কাজে সহায়তা করেছে এসএমই ফাউন্ডেশন। ব্যবসা প্রতিষ্ঠানে উৎপাদনশীলতা ও পণ্যের মানোন্নয়নে ‘কাইজেন’ বাস্তবায়নে কাজ করছে প্রতিষ্ঠানটি। এর অংশ হিসেবে প্রায় ১২০০ উদ্যোক্তার মধ্যে ‘কাইজেন’ বাস্তবায়নে সচেতনতা সৃষ্টি করা হয়েছে।
সোমবার (৩১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনে আয়োজিত অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে ‘এসএমই উন্নয়নে উৎপাদনশীলতা’ বিষয়ক একটি প্রবন্ধ উপস্থাপন করেন এনপিও ঊর্ধ্বতন গবেষণা কর্মকর্তা মুহাম্মদ আরিফুজ্জামান।
অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান বলেন, ‘বড় উদ্যোক্তাদের পাশাপাশি এসএমই উদ্যোক্তাদের জন্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সেবা পাওয়ার ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করতে প্রতিযোগিতা কমিশনের সঙ্গে আমরা আলোচনা করব। একই সঙ্গে এসএমই উদ্যোক্তাদের ঋণপত্র ও এলসি খোলার ক্ষেত্রে জটিলতা দূর করতে বাংলাদেশ ব্যাংকের সহায়তা চাওয়া হবে।’
এসএমই ফাউন্ডেশনের পক্ষে জানানো হয়েছে, পণ্যের মানোন্নয়ন ও সার্বিক উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে প্রতিযোগিতা সক্ষমতা উন্নয়নের কোনো বিকল্প নেই।
উৎপাদনশীলতা উন্নয়নে একটি সার্বজনীন কৌশল হচ্ছে কাইজেন। কাইজেন শব্দটি দুটি জাপানি শব্দ নিয়ে গঠিত। কাই অর্থ-‘পরিবর্তন’ এবং জেন অর্থ-‘ভালো’। যার পূর্ণ অর্থ হয় ‘ভালোর জন্য পরিবর্তন’।
এটি এমন একটি অনুশীলন যা শুন্য ব্যয়ে যে কোনো কার্যক্রমের ধারাবাহিক উন্নয়নের ওপর আলোকপাত করে। শিল্প, বাণিজ্য, ব্যাংকিং, স্বাস্থ্য সেবা, প্রশাসন, দৈনন্দিন জীবনযাপনসহ সকল ক্ষেত্রেই কাইজেন অনুসরণ করা যেতে পারে। এটি বাস্তবায়নের ফলে উৎপাদনশীলতা বৃদ্ধি, কর্মপরিবেশ উন্নয়ন ও অপচয় রোধ করা সম্ভব।
‘কাইজেন’ কর্মসূচি বাস্তবায়নে যেসব ধাপ অনুসরণ করা হয় সেগুলো হলো: সচেতনতা উন্নয়ন, প্রশিক্ষক উন্নয়ন, প্রতিষ্ঠান বাছাই ও নিশ্চিতকরণ, উৎপাদনশীলতা নিরীক্ষণ, কাইজেন পাইলট প্রকল্প প্রণয়ন, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, প্রকল্প বাস্তবায়ন ও পর্যবেক্ষণ, চূড়ান্ত প্রতিবেদন প্রণয়ন এবং উদ্যাক্তাদের উদ্বুদ্ধকরণ কার্যক্রম।
অনুষ্ঠানে ২০২২-২৩ অর্থবছরে ‘কাইজেন ক্ষুদ্র উন্নয়ন প্রকল্প’ সম্পন্ন করা এসএমই প্রতিষ্ঠানকে সনদ দেওয়া হয় এবং ২০২৩-২৪ অর্থবছরে ‘এসএমই-তে কাইজেন’ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. এ কে এম মাসুদ, এনপিও মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মুহম্মদ মেসবাহুল আলম, এসএমই ফাউন্ডেশন সহকারী মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ আলম প্রমুখ।