প্রকাশিত : ০৭:০৮
২৩ ফেব্রুয়ারী ২০২২
অর্থনীতি ডেস্ক: গত বছরের শুরুতে কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি (সিএমএসএমই) খাতে ঋণ বিতরণ বাড়াতে ২০২১ সালের জন্য জেলাভিত্তিক ‘লিড ব্যাংক’ ক্যালেন্ডার ঘোষণা করেছিল বাংলাদেশ ব্যাংক। এই ব্যাংকগুলোই এবারও প্রতি জেলায় লিড দেবে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীর কাছে পাঠানো সার্কুলারে বলা হয়েছে, এসএমই লিড ব্যাংক সংক্রান্ত কার্যক্রম চলমান রাখার লক্ষ্যে বিদ্যমান ২০২১ পঞ্জিকা বর্ষের জন্য নির্ধারিত ক্যালেন্ডারটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বাংলাদেশ ব্যাংক বলছে, বিদ্যমান এসএমই লিড ব্যাংক ক্যালেন্ডার এবং অন্যান্য নির্দেশনাবলী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনুসরণ করার জন্য পরামর্শ দেওয়া হলো। একইসঙ্গে সংযুক্ত বিবরণী অনুযায়ী লিড ব্যাংক সংক্রান্ত কার্যক্রমের প্রতিবেদন প্রতি ষাণ্মাসিক শেষে পরবর্তী ১৫ দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট শাখা অফিসে পাঠানোর নির্দেশ দেওয়া হলো।
প্রসঙ্গত, করোনাভাইরাস মহামারির ক্ষতি পুষিয়ে দিতে সিএমএসএমই খাতের জন্য ২০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা করেছিল সরকার; কিন্তু বার বার তাগাদা দিয়ে এবং সময় বাড়িয়েও এই ঋণ বিতরণের গতি বাড়ানো যায়নি।
এমন অবস্থায় সিএমএসএমই খাতে ঋণ বিতরণ বাড়াতে জেলাভিত্তিক ‘লিড ব্যাংক’ নির্ধারণের মাধ্যমে এই ক্যালেন্ডার তৈরি করে দেয় বাংলাদেশ ব্যাংক।
গত বছরের সার্কুলারে বলা হয়, সিএমএসএমই অর্থায়নের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন নীতিমালা এবং কার্যক্রম সংক্রান্ত তথ্য প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে ‘লিড ব্যাংক’ নির্বাচন একটি কার্যকর পদ্ধতি। কোনও বিশেষ উদ্দেশ্য বাস্তবায়নে ‘লিড ব্যাংক’ সংশ্লিষ্ট অঞ্চলের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ সকল স্টেক হোল্ডারদের একটি প্ল্যাটফর্মে আনার মাধ্যমে নিবেদিতভাবে কাজ করে।
জাতীয় এসএমই নীতিমালা-২০১৯ অনুযায়ী টেকসই ও কার্যকর প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তুলতে প্রতি জেলার জন্য সরকারি ও বেসরকারি ব্যাংকের মধ্য থেকে একটি ব্যাংককে এসএমই ‘লিড ব্যাংক’ হিসাবে নির্দিষ্ট করতে হবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে। এই‘লিড ব্যাংক’ জেলাভিত্তিক এসএমই ঋণ পরিকল্পনার বিষয়ে ব্যাংকগুলোর কার্যক্রম সমন্বয়ের জন্য ‘কনসোর্টিয়াম লিডার’ হিসেবে কাজ করবে।
দেশের কোন জেলায় কোন ব্যাংক লিড ব্যাংকের দায়িত্ব পালন করবে, তা সার্কুলারে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।